সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে করা একটি মামলা খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। ওয়াশিংটনের একটি আদালত গত মঙ্গলবার মামলাটি খারিজ করে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিক খাশোগিকে হত্যায় বিন সালমানের বিরুদ্ধে মামলাটি করেছিলেন নিহতের বাগদত্তা হাতিস চেঙ্গিস। যুক্তরাষ্ট্রের বিভাগীয় বিচারক জন বেটস মামলাটি খারিজ করে জানান, যেহেতু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন সালমানকে ‘যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার মুখোমুখি হওয়া থেকে রেহাই’ দিয়েছে, তাই মামলা খারিজ না করা ছাড়া তার অন্য কোনো উপায় ছিল না। গত নভেম্বরে আদালতে জমা দেওয়া নথিতে বাইডেন প্রশাসনের আইনজীবীরা বিদেশি সরকারের প্রধানমন্ত্রী হওয়ায় সৌদি যুবরাজ ‘বিদেশি রাষ্ট্রের সরকার প্রধান’ হিসেবে যুক্তরাষ্ট্রে বিচার থেকে ‘দায়মুক্তি’ পাবেন বলে জানিয়েছিলেন।