রোহিতের সিরিজ শেষ

ওয়ানডে সিরিজ শেষ রোহিত শর্মার, টেস্ট সিরিজেও অনিশ্চিত। জানিয়েছেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। কাল ম্যাচশেষে দ্রাবিড় জানিয়েছেন, ‘রোহিতের বৃদ্ধাঙ্গুল ডিসলোকেট হয়ে গেছে। খেলার মধ্যেই তাকে হাসপাতালে যেতে হয়েছে, সেলাই নিতে হয়েছে, ইনজেকশন নিতে হয়েছে ও ব্যান্ডেজ নিতে হয়েছে। কালই (আজ) সে মুম্বাই রওনা হচ্ছে। সেখানে আমাদের ডাক্তাররা তাকে দেখবেন। তৃতীয় ওয়ানডে তো সে খেলতে পারবেই না, টেস্ট সিরিজেও তাকে পাওয়া যাবে কি না সেটা অনিশ্চিত।’ শুধু রোহিতই নয়, চোটে দল থেকে ছিটকে গেছেন দীপক চাহার এবং কুলদীপ সেনও। দলের সঙ্গে এসেও চোটের কারণে ফিরে গেছেন ঋষভ পান্থ। ভারতীয় দলের এখন তাই তৃতীয় ওয়ানডেতে একাদশ সাজানো নিয়েই সংকট। বাংলাদেশ সফরে থাকা ভারত ‘এ’ দলের নবদ্বীপ সাইনি হতে পারেন চাহারের সম্ভাব্য বিকল্প।