বাংলাদেশ থেকে প্রথম ধাপে ২৪ জন রোহিঙ্গা যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে তারা যুক্তরাষ্ট্রের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, প্রথম ধাপে ২৪ জন রোহিঙ্গা পুনর্বাসনের উদ্দেশে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গত মঙ্গলবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে বছরে ৩০০ থেকে ৮০০ রোহিঙ্গা নেবে। প্রথম ধাপে ৬২ জন রোহিঙ্গা নেবে দেশটি। ৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে আনুষ্ঠানিকভাবে এ প্রক্রিয়া শুরু হবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়েটা ভ্যালস নয়েসের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশটি দায়বদ্ধতার জায়গা থেকে রোহিঙ্গাদের নিচ্ছে। তারা নিজ দেশের মানুষকে দেখিয়ে বলবে, দেখো, আমরা বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিজ দেশে আশ্রয় দিয়েছি। কিন্তু কতসংখ্যক রোহিঙ্গা নিচ্ছে, সেটি তারা বলবে না। তারা নিজ দেশের জনগণকে বলবে, দেখো, আমরা রোহিঙ্গাদের মানবিক সাহায্য করেছি।’