সুইজারল্যান্ডের বিপক্ষে ক্রিস্তিয়ানো রোনালদোকে প্রথম একাদশে রাখেননি পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। শেষ ষোলোর ম্যাচটি ৬-১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে পর্তুগাল। কিন্তু রোনালদোর বদলি হিসেবে নামার বিষয়টি নিয়ে আলোচনা থামছে না।
রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ম্যাচের পরই এক হাত নিয়েছিলেন পর্তুগাল কোচের। এবার ভাইয়ের পাশে দাঁড়ালেন সিআর সেভেনের দুই বোন এলমা আভেইরো ও কাতিয়া আভেইরো।
ইনস্টাগ্রামে পোস্ট করে এলমা লিখেছেন, ‘পর্তুগাল এগিয়ে যাক। অন্যদিকে একজন বেঞ্চে বসে থেকে অন্যদের মাঠে নেমে খেলার সুযোগ করে দিয়েছে। আমরা ম্যাচ জিতেছি, এখন পরের খেলায় মন দেওয়া দরকার। যে সমস্ত ভণ্ড সমালোচক রয়েছেন, তাদের জন্য আমার একটাই কথা বলার আছে। যে থালা থেকে আপনারা খাচ্ছেন, সেই থালাতেই থুতু ফেলবেন না। পর্তুগালের জন্য রোনালদোর যা অবদান, সেটা কোনো দিন মুছে ফেলা যাবে না। আমার ভাই যা কিছু করেছে, তার জন্য আমি গর্বিত।’
রোনালদোর আরেক বোন কাতিয়া আভেইরো লিখেছেন, ‘তরুণদের দাপটে পর্তুগাল জিতেছে, খুব ভালো কথা। অনেকেরই মত, রোনালদোকে ছাড়াই ভাল খেলছে দল। সেটা শুনতেও খুব খারাপ লাগছে। তাই আমার মনে হয়, এই মুহূর্তে জাতীয় দল ছেড়ে দেশে ফিরে আসুক রোনালদো। আমাদের সঙ্গে বসে খেলা দেখুক, তাহলে আমরা ওকে জড়িয়ে ধরে বলতে পারব, সব কিছু ঠিক আছে। চিন্তা করার কোনো কারণ নেই।’
এর আগে ম্যাচের পরই পর্তুগাল কোচ সান্তোসকে একহাত নিয়েছিলেন রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। ইনস্টাগ্রামে তিনি লিখেছিলেন, ‘পর্তুগালকে অনেক অভিনন্দন। মাঠে দাঁড়িয়ে ১১ জন খেলোয়াড় জাতীয় সংগীত গাইছিল, কিন্তু সকলের নজর ছিল শুধু তোমার দিকেই। বিশ্বের সেরা খেলোয়াড়কে ৯০ মিনিটের জন্য দেখতে পেলাম না, এটা অত্যন্ত লজ্জাজনক।’
‘ভক্তরা শুধু তোমার নামের জয়ধ্বনি দিচ্ছিল। আশা করি ঈশ্বর ও ফার্নান্দো আরও একবার হাত মিলিয়ে তোমাকে ছাড়াই প্রথম একাদশ নামাক। তাহলে আরও একবার এ রকম ম্যাজিক তৈরি হবে।’