নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবির বাসায় অভিযান চালিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এ সময় রবিকে বাসায় না পেয়ে তার ছেলে প্রীতমকে (২০) পুলিশ গ্রেপ্তার করে। গত বুধবার দিবাগত রাত ২টার দিকে পুলিশ অভিযান চালায়। হীরাঝিল আবাসিক এলাকায় হাবিবুল্লাহ কাঁচপুরীর প্রিয়ম নিবাস বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন রবি।
জানা গেছে, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে থানা এলাকার বিএনপি নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশ। এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে বিএনপির ১৪ জন নেতাকর্মীকে।
বিএনপি নেতা মনিরুল ইসলাম রবি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শতাধিক সদস্য বুধবার দিবাগত রাত ২টার দিকে আমার বাসায় অভিযান চালায়। এ সময় পুলিশ বাসার ভেতরে ঢুকে আমাকে খুঁজতে থাকে। তারা বাসায় তল্লাশি চালিয়ে সব তছনছ করে। আমাকে না পেয়ে আমার ছোট ছেলে প্রীতমকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানের সময় পুলিশ আমার পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করেন।
বাসায় থাকা রবির স্ত্রী নিলুফার ইয়াসমিন বলেন, পুলিশ বাসায় ঢুকেই খারাপ আচরণ শুরু করে। আমার স্বামীকে না পেয়ে ছোট ছেলেকে টেনেহিঁচড়ে ধরে নিয়ে গেছে। অথচ আমার ছেলে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বলেন, গত ২ ডিসেম্বর দায়ের করা বিস্ফোরক মামলায় সন্দেহজনকভাবে গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।