১০ ডিসেম্বর গণসমাবেশ

বিএনপিকে বিকল্প স্থান খুঁজতে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ১০ ডিসেম্বর গণসমাবেশের জন্য বিএনপিকে বিকল্প স্থান খোঁজার আহ্বান জানিয়েছেন। 

তিনি ১০ ডিসেম্বরের গণসমাবেশের বিএনপি নেতাদের  জন্য ঢাকা মেট্টোপলিটন পুলিশের সঙ্গে আলোচনা করার আহ্বান জানান।

বুধবার নয়াপল্টনে সংঘর্ষে আহত পুলিশ সদস্যদের দেখতে বৃহস্পতিবার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘পুলিশ বিএনপি কার্যালয় ভাঙচুর করেনি, সেখানে তল্লাশি চালিয়েছে। পুলিশ যখন পার্টি অফিসে ঢোকে, সেখানেও দলের কর্মীরা ছিল। তারা পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করতে পারে এবং এভাবে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ছাড়া কোনো উপায় ছিল না। পুলিশ যেভাবে মার খাচ্ছিল, আপনি যদি পুলিশ কর্মকর্তা হতেন, আপনি কী করতেন?

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত সরকারের নিয়ন্ত্রণে আছে’।

পুলিশ ব্যাগে করে বিএনপি কার্যালয়ে বোমা নিয়ে গেছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ সদস্যরা (বিএনপির) বোমা হামলায় আহত হয়েছেন। পুলিশ কেন পার্টি অফিসে বোমা নিয়ে যাবে? এমন কোনো ঘটনা ঘটেনি যে পুলিশের ওপর আক্রমণ করতে হবে। এমন কোনো ঘটনা ঘটেনি যে পুলিশের ওপর ককটেল হামলা করতে হবে’।

মন্ত্রী বলেন, ‘কোনোভাবে রাজপথে সমাবেশ করতে দেওয়া হবে না’।

তিনি বলেন, ‘তারা (বিএনপি) গণসমাবেশের প্রস্তুতি নিচ্ছে। আমাদের এত বড় মাঠ নেই। আমরা তাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে বলেছি। যদি না হয়, মিরপুরের কালশী এলাকায় বিকল্প জায়গাও আছে’।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের দাবি বুধবার নয়াপল্টন এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে ৪৭ পুলিশ আহত হয়েছেন। এতে এক বিএনপি কর্মী নিহত হন। গ্রেপ্তার হন চার শতাধিক নেতাকর্মী।

এদিকে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিএনপি সরকারের প্রতি বিকল্প স্থান নির্ধারণের আহ্বান জানিয়েছে।  বিকল্প স্থান না পাওয়া গেলে পল্টনেই সমাবেশ করবেন বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন।