রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে অন্তত ৫০ নেতাকর্মীকে অবস্থান নিতে দেখা গেছে। এ সময় পুলিশ ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় একজনকে আটক করে প্রিজনভ্যানে তুলে নেয় পুলিশ।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে এসব নেতাকর্মীদের বেশিরভাগ বগুড়া থেকে এসেছেন। পুলিশ ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
পুলিশের ধাওয়ার আগে সেখানে উপস্থিত বগুড়া জেলা মহিলা দলের সহসভাপতি জেবুননাহার জেবা বলেন, ঢাকায় আসা নেতাকর্মীরা আত্মীয়-স্বজনের বাড়িতে উঠেছেন। তারা ট্রেনে ও বাসে করে বগুড়া থেকে ঢাকায় এসেছেন। বগুড়া থেকে কয়েক হাজার নেতাকর্মী ১০ ডিসেম্বরের সমাবেশে যোগ দেবেন।
নেতাকর্মীরা বলেন, আমরা ভীত নই। যদি আটক করে আটক হব। গুলি করলে মরব, আমরা উভয়ের জন্য প্রস্তুত।
পুলিশ জানিয়েছে, এখানে বর্তমানে জড়ো হওয়া নিষেধ। তাই তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। আটক ব্যক্তির নাম মোস্তফা জামান মিন্টু বলে জানা গেছে। তিনি যশোরের শার্শা উপজেলার বিএনপি কর্মী বলে জানা গেছে।