এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উদারপন্থি রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক প্ল্যাটফর্ম এশিয়া প্যাসিফিক ডেমোক্রেট ইউনিয়নের (এপিডিইউ) প্রথম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এপিডিউ'র নতুন চেয়ারম্যান হয়েছেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ কামাল।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিএনপি দপ্তরের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এশিয়া ইন্টারন্যাশনাল ডেমোক্রেট ইউনিয়নের কাউন্সিল সভায় এশিয়া প্যাসিফিক চ্যাপ্টারের এই নির্বাচন অনুষ্ঠিত হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, ৬ ও ৭ ডিসেম্বর ওয়াশিংটনে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ডেমোক্রেট ইউনিয়নের কাউন্সিল সভায় বিএনপির প্রতিনিধিত্ব করেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সেখানেই এশিয়া-প্যাসিফিক চ্যাপ্টারের এই নির্বাচন হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।
কাউন্সিল সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ব্যখ্যা করে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় চলমান আন্দোলনের বিষয়ে বিএনপি এবং দেশের গণতান্ত্রিক শক্তিগুলোর অবস্থানের কথা তুলে ধরেন— বলে দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এছাড়াও, সম্মেলনের অংশ গ্রহণকারীরা বাংলাদেশের চলমান গণতান্ত্রিক সংগ্রামের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বলে জানিয়েছে বিএনপি।