দেশ রূপান্তর-বসুন্ধরা কিংস প্রতিদিনের কুইজ

জমজমাট দেশ রূপান্তরের কুইজ খেলা

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের মঞ্চ। ব্রাজিল-ক্রোয়েশিয়া, আর্জেন্টিনা-নেদারল্যান্ডস খেলার মধ্য দিয়ে আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। দেশ রূপান্তরেও জমে উঠেছে কুইজ ‘খেলা’। প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবারও অতিথি, বিজয়ী মিলনমেলায় কুইজ অনুষ্ঠান ছিল প্রাণবন্ত। গতকাল কুইজের ড্র ও পুরস্কার প্রদান আয়োজনে দেশ রূপান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ হাবিবুর রহমান পলাশের উপস্থাপনায় অতিথি ছিলেন পদ্মা ব্যাংকের প্রধান জনসংযোগ কর্মকর্তা এম আহসান উল্লাহ খান, প্যারামাউন্ট গ্রুপের পরিচালক এ.এইচ.এম হাবিবুর রহমান, রূপায়ণ গ্রুপের মিডিয়া কো-অর্ডিনেটর মেহেদী হাসান, পদ্মা ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা ফারিয়া মোশাররফ, সামিনা রশ্নি এবং দেশ রূপান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক তোফাজ্জল হোসেন রুবেল ও হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মিজানুর রহমান।

অতিথিবৃন্দ মিলে কুইজ ১৬-এর বিজয়ী হাসানের হাতে প্রতিদিনের কুইজের পুরস্কার, বসুন্ধরা কিংসের সৌজন্যে ট্যাব তুলে দেন। পুরস্কার পেয়ে হাসান বললেন, ‘অনেক খুশি লাগছে। ট্যাবটি পড়াশোনার কাজে ব্যবহার করব।’ আয়োজনে অতিথিরা মেতে ওঠেন বিশ্বকাপ নিয়ে মজার আলোচনায়, নিজ নিজ দল নিয়ে প্রত্যেকেই উচ্ছ্বাস ও প্রত্যয় ব্যক্ত করেন। ফুটবল খেলা নিয়ে শৈশবের স্মৃতিচারণ করেন পদ্মা ব্যাংকের প্রধান জনসংযোগ কর্মকর্তা এম আহসান উল্লাহ খান। প্যারামাউন্ট গ্রুপের পরিচালক বলেন, ‘বাংলাদেশের ফুটবলের ঐতিহ্য ফিরে আসবেই, দেশ রূপান্তরের পাশাপাশি রূপায়ণ গ্রুপের সঙ্গে ঐক্যবদ্ধভাবে প্যারামাউন্ট গ্রুপও কাজ করবে।’

পদ্মা ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা সামিনা রশ্নি ও ফারিয়া মোশাররফ এ আয়োজনে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে মজার তর্কে মেতে ওঠেন। রূপায়ণ গ্রুপের মিডিয়া কো-অর্ডিনেটর মেহেদী হাসান বলেন, ‘ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে তর্ক চলবে, এটি ফুটবলেরই জয় আর দেশ রূপান্তরের জয় এ কুইজ আয়োজনে। অজস্র কুইজের উত্তরই প্রমাণ করে এ আয়োজন সফল।

দেশ রূপান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক তোফাজ্জল হোসেন রুবেল বলেন, ‘এবার বিশ্বকাপ আয়োজন নিয়ে সবচেয়ে বড় আয়োজনটি করেছে দেশ রূপান্তর। এর মাধ্যমে আমরা পাঠকদের জানান দিতে চাই দেশ-বিদেশের সব বড় ঘটনার সঙ্গে সবসময় আছে দেশ রূপান্তর।’

এরপর ড্র আয়োজনে অজস্র সঠিক উত্তরের মধ্য থেকে কুইজ ১৭-এর বিজয়ী মুগদার নুসরাতের নামটি তোলেন অতিথিরা। আজ শুক্রবার সন্ধ্যায় কুইজের ড্র আয়োজনে তার হাতে বসুন্ধরা কিংসের সৌজন্যে ট্যাব তুলে দেওয়া হবে।