মির্জা ফখরুল-আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে: ডিবিপ্রধান

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটক নয়, জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

শুক্রবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হারুন অর রশিদ বলেন, গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে প্রায় অর্ধশতাধিক পুলিশ আহতের ঘটনা ও ১০ ডিসেম্বরের সমাবেশ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

তিনি বলেন, ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ। এই সমাবেশকে সামনে রেখে কোনও নাশকতার পরিকল্পনা রয়েছে কিনা জিজ্ঞাসাবাদের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে আনা হয়েছে। তাদের এখন জিজ্ঞাসাবাদ চলছে।

তাদের গ্রেপ্তার দেখানো হবে কিনা সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, জিজ্ঞাসাবাদ শেষে আমরা বিস্তারিত জানাবো।