সাবেক সচিব ড. কামাল উদ্দিন আহমেদকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। একই সঙ্গে কমিশনের সার্বক্ষণিক সদস্য হিসেবে সাবেক সচিব সেলিম রেজা ও পাঁচ অবৈতনিক সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক শাখা বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায়।
নিয়োগপ্রাপ্ত অবৈতনিক পাঁচ সদস্য হলেন, সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আমিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা চেম্বার অব কমার্সের সভাপতি কংজরী চৌধুরী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ড. বিশ্বজিত চন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক তানিয়া হক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী কাওসার আহমেদ। চেয়ারম্যানের নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি পদে অধিষ্ঠিত থাকাকালীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারকের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।
এর আগে নাছিমা বেগমের নেতৃত্বে গঠিত কমিশনে সার্বক্ষণিক সদস্য হিসেবে ছিলেন কামাল উদ্দিন আহমেদ।
আইন অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশন একটি সংবিধিবদ্ধ স্বাধীন সংস্থা। তিন বছর পরপর কমিশন গঠন হয়। সরকারের মাধ্যমে চেয়ারম্যান ও সদস্য নিযুক্ত হয়; এসব কাজে সাচিবিক দায়িত্ব পালন করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। সার্বক্ষণিক সদস্য হাইকোর্টের বিচারকের সমান বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পেয়ে থাকেন। তিন বছর মেয়াদ শেষে গত ২২ সেপ্টেম্বর চেয়ারম্যান পদ থেকে বিদায় নেন সরকারের সাবেক জ্যেষ্ঠ সচিব নাছিমা বেগম। সেই থেকে আড়াই মাসের বেশি সময় কমিশনের কার্যক্রম স্থবির ছিল।