বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রলীগ নেতাকর্মীরা।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টা থেকে শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রের সামনে মহাসড়কের উভয় লেন অবরোধ করে রাখেন অন্তত ২০০ ছাত্রলীগ নেতাকর্মী। তারা মহাসড়কে বেঞ্চ ফেলে অবস্থান নিয়েছেন। এসময় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে হুঁশিয়ারিমূলক স্লোগান দিতে দেখা যায়।
এতে সড়কের উভয় পাশে প্রায় চার কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ।
এ ব্যাপারে জাবি ছাত্রলীগ সভাপতি আকতারুজ্জামান সোহেল সংবাদমাধ্যমকে বলেন, 'বিএনপির নৈরাজ্য ঠেকাতে আমরা মাঠে রয়েছি এবং থাকব। জঙ্গি, সন্ত্রাসী ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে আমরা এই অবরোধ কর্মসূচি পালন করছি।'
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, 'ছাত্রলীগের নেতাদের সঙ্গে কথা বলেছি। তাদের সড়ক থেকে সরিয়ে দিয়ে দ্রুত সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।'