মুদির দোকানে টিফিন কিনতে আসে ৮ বছরের এক শিশু শিক্ষার্থী। দোকানদার শহিদুল বিস্কুট ও চিপস খাওয়ানোর লোভ দেখিয়ে দোকানের ভেতর নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।
গত ১৫ নভেম্বর ময়মনসিংহের কোতোয়ালি থানাধীন দাপুনিয়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২২ নভেম্বর শিশুটির মা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
পরে এই ঘটনায় গতকাল শুক্রবার রাতে র্যাব -১৪ এর একটি দল গাজীপুরের টঙ্গী এলাকা থেকে অভিযুক্ত শহিদুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করে। শহিদুল ইসলাম দাপুনিয়া সুহিলা পশ্চিম পাড়া এলাকার ফজলুল হক মোল্লার ছেলে।
র্যাব-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হোসেন শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। শহিদুলকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।