রাজধানীর কুর্মিটোলাস্থ পাঁচ তারা হোটেল লা মেরিডিয়ানে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে ১৩ তলা ভবনের নিচ তলায় আগুন লাগলে পুরো ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক সফিকুল ইসলাম বলেন, দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
কীভাবে আগুন লাগল- জানতে চাইলে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে বলা হয়, ধারণা করা হচ্ছে নিচতলার ময়লা রাখার জায়গায় আগুন লেগেছে। পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, লা মেরিডিয়ানে ৩০৪টি গেস্টরুম ও সুইট ছাড়াও রয়েছে ছয়টি রেস্তোরাঁ, দুটি ব্যাংকুয়েট হল ও ছয়টি মিটিং রুম রয়েছে। বেস্ট হোল্ডিংস লিমিটেডের মালিকানাধীন এই হোটেলটি পরিচালনায় রয়েছে আন্তর্জাতিক হোটেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ম্যারিয়ট ইন্টারন্যাশনাল।