বিএনপির সাত সংসদ সদস্য ই-মেইলের মাধ্যমে পদত্যাগ করেছেন জানালেও সাপ্তাহিক ছুটির কারণে বিষয়টি নিশ্চিত করতে পারেনি সংসদ সচিবালয়।
সংসদ সচিবালয় বলছে, ই-মেইলে পদত্যাগের সুযোগ নেই। পদত্যাগ করতে চাইলে সশরীরে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে।
এদিকে, বিএনপির পদত্যাগী সাত এমপির মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করেছেন। রবিবার (১১ ডিসেম্বর) দলটির ছয় এমপি সরাসরি পদত্যাগপত্র দেওয়ার সুযোগ পেলেও দেশে ফেরার আগে পদ ছাড়তে পারছেন না এমপি হারুন।
এর আগে, ঢাকার গণসমাবেশ থেকে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপির সাত সংসদ সদস্যের পদত্যাগের সিদ্ধান্তের ঘোষণা আসে। রাজধানীর গোলাপবাগ মাঠে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ এবং রুমিন ফারহানা এই ঘোষণা দেন।