তেল বাণিজ্যে

চীনা মুদ্রা ব্যবহারের আহ্বান চিনপিংয়ের

সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব উপসাগরীয় দেশগুলোর সম্মেলনে তেল ও গ্যাস বাণিজ্যে ডলারের বদলে চীনা মুদ্রা ইউয়ানে লেনদেন করার জন্য আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। যদি ইউয়ানে এই লেনদেন হয় তাহলে আন্তর্জাতিক লেনদেনে ডলারের বিপরীতে ইউয়ানকে শক্তিশালী করতে চান শি। রিয়াদে সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান আয়োজিত আরব সম্মেলনে দেওয়া ভাষণে তাই এই আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট। তেল বাণিজ্যে সৌদি আরব ডলার বাদ দেওয়ার সিদ্ধান্ত নিলে এটি হবে সবচেয়ে শক্তিশালী একটি রাজনৈতিক পদক্ষেপ। এর আগেও যুক্তরাষ্ট্রকে এমন হুমকি দিয়েছিল সৌদি আরব। এই সফরে শীর্ষ তেল রপ্তানিকারক সৌদি আরব ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন নিজেদের সম্পর্ক গভীর ও দৃঢ় করার স্পষ্ট বার্তা দিয়েছে। এদিকে এ অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদি বলেছেন, সৌদি আরব সব অংশীদারের সঙ্গে কাজ অব্যাহত রাখবে। আমরা মেরুকরণ বা পক্ষ বেছে নেওয়া পছন্দ করি না।