ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২৬৫ রোগী হাসপাতালে

দেশে গত ২৪ ঘণ্টায় (গত শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে আরও তিনজন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৬৫ জন। এ নিয়ে চলতি মাসের ১০ দিনে মারা গেছে ১২ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৭২০ জন।

গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ২৬৫ জনের মধ্যে ১৪৪ জন ঢাকায় ও ১২১ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ১৮১ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৬০ হাজার ৭৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এবং মারা গেছে ২৬৬ জন।