পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানির অভিযোগে পল্টন থানায় করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের জামিন আবেদন করেছেন তাদের আইনজীবী। আজ রবিবার (১১ ডিসেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) রেজাউল করিমের আদালতে এ আবেদন করা হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবা এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুরে শুনানির জন্য আদালত নির্ধারণ ও ২টার পরে শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার সময় তাদের আটকের পর গত শুক্রবার (৯ ডিসেম্বর) তাদের আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক তরিকুল ইসলাম। আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে মহানগর হাকিম মোহাম্মদ জসিম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।