নয়াপল্টনের কার্যালয়ে বিএনপি নেতাকর্মীদের প্রবেশে বাধা নেই: পুলিশ

রাজধানী নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এসে বিএনপি নেতাকর্মীদের কার্যক্রম চালাতে কোনও বাধা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম খান।

রোববার (১১ ডিসেম্বর) সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি কার্যালয়ে যে তালা লাগানো, সেটির চাবি বিএনপি নেতাকর্মীদের কাছেই রয়েছে। তারা যখন খুশি ঢুকতে বা বের হতে পারবে। তারা তাদের কার্যালয়ে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে। এতে পুলিশ বাধা দেবে না।

ফকিরাপুলের রাস্তায় ব্যারিকেড বিষয়ে তিনি বলেন, আমাদের কাছে ভিন্ন ভিন্ন তথ্য ছিল, তার পরিপ্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে এবং ঢাকা মহানগরীর বিশেষ করে মিতিঝিলের শৃঙ্খলার স্বার্থে কিছু চেক পোস্ট বসানো হয়েছিল। সেগুলো ইতিমধ্যে অপসারণ করা হয়েছে বলে জানান তিনি। 

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেদিন বিএনপির মহাসচিবকে কার্যালয়ে যেতে দেওয়া হয়নি, সেদিন কিন্তু দুপুরের পর সিআইডির ক্রাইম সেখানে কাজ করছিল। আজ থেকে তারা যেতে পারবেন। এছাড়া ক্রাইম সিনের বিষয়টি ডিবিকে হস্তান্তর করা হয়েছে। তারা তল্লাশি করে কিছু পেয়েছে কি না, তারা বলতে পারবেন।

এর আগে, গত বুধবার (৭ ডিসেম্বর) নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে মকবুল হোসেন নামে মিরপুরের স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হন। পুলিশসহ আহত হয় প্রায় অর্ধশতাধিক। সংঘর্ষের পর বিএনপি কার্যালয়ের ভেতরে অভিযান চালায় পুলিশ। পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট কার্যালয় থেকে ১৫টি বোমা উদ্ধারের পর তা নিষ্ক্রিয় করে বলে দাবি করেছে। ওইদিন গ্রেপ্তার করা হয় কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ কমপক্ষে ৩০০ জনকে। এরপর বিএনপি কার্যালয় অবরুদ্ধ করে রাখে পুলিশ। কোনো নেতাকর্মীকে কার্যালয়ে ঢুকতে দেয়া হচ্ছিল না।

শনিবার গোলাপবাগ মাঠে গণসমাবেশ থেকে বিএনপি কার্যালয় খুলে দেয়ার দাবি জানানো হয়। এর এক দিনের মাথায় রোববার কার্যালয়ে নেতাকর্মীদের প্রবেশে কোনো বাধা নেই বলে জানাল পুলিশ।