বিএনপির বিদেশ বিষয়ক কমিটির সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বৃহত্তর আন্দোলন গড়ে তোলার লক্ষে আমরা সংসদ থেকে পদত্যাগ করছি।
রোববার (১১ ডিসেম্বর) স্পিকারের কাছে পদত্যাগ পত্র জমা দিতে জাতীয় সংসদে প্রবেশের আগে তিনি এ কথা বলেন। এরপর বেলা ১১টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেন বিএনপির পাঁচ সংসদ সদস্য।
রুমিন ফারহানা বলেন, গতকাল আমাদের দলের গণসমাবেশ থেকে ১০টি গাইডলাইন দেয়া হয়েছে। তার প্রথম যে নির্দেশনা ছিল সংসদ ভেঙ্গে দেয়া এবং সংসদ থেকে পদত্যাগ করার কথা বলা হয়েছে। বলা হয়েছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা।
তিনি বলেন, এই সংসদ ভেঙ্গে দেয়ার যে দাবি আমাদের দলের। সেই দাবির সঙ্গে একাত্নতা প্রকাশ করে আমরা সাতজন সংসদ সদস্য পদত্যাগ করছি।
তিনি আরও বলেন, আজকে আমরা স্পিকারের হাতে আমাদের পদত্যাগ পত্র তুলে দিব। আমরা গতকাল ইমেইলের মাধ্যমে এবং আমি ব্যক্তিগতভাবে স্পিকারকে ফোন করে জানিয়েছি আমরা সাতজন সংসদ সদস্য পদত্যাগ করেছি।
তিনি বলেছেন, ইতিমধ্যে অবগত আছেন। কারণ মিডিয়াতে ততক্ষণে এই খবর প্রচার হয়ে গেছে। সুতরাং এই সংসদ থেকে আমরা আজকে পদত্যাগ করছি।
রুমিন ফারহানা বলেন, আপনারা দেখেছেন এই সংসদে আমরা যতটুকু পেরেছি আমরা জনগণের কথা, দেশের কথা, মানুষের কথা, আপনাদের কথা বলবার চেষ্টা করেছি। আমাদেরকে বাধা দেয়া হয়েছে। আমাদেরকে সময় দেয়া হয়নি। আমাদের সুযোগ খুব সীমিত ছিল, তারপরেও আমরা আমাদের সর্বোচ্চটা করার চেষ্টা করেছি।
'কিন্তু এখন বৃহত্তর আন্দোলন গড়ে তোলার লক্ষে আমরা সংসদ থেকে পদত্যাগ করছি। এবং আমি মনে করি সংসদে আর যে দল আছে যা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করে, যারা বিশ্বাস করে এই লুটপাটের উপর নির্ভর করা সরকারের ক্ষমতায় থাকার আর নূন্যতম নৈতিক অধিকার নেই। সেই সমস্ত দলেরই সংসদ থেকে পদত্যাগ করা উচিত।
বিএনপি দলীয় সাতজন এমপির পদত্যাগের বিষয়ে সরকার দলীয় নেতারা বলছেন তাদের কোনো সংকট তৈরি হবে না এ বিষয়ে কি বলবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, সংকট তৈরি হবে কি হবে না সেটা তো আপনারা নিজেরাই দেখবেন। সংসদে সত্যিকারের বিরোধী দল বলতে যদি কিছু বোঝা যায় সেটি হলো বিএনপি। সেটা দেশের মানুষ যেমন জানেন, সরকারও তেমন ভালো করেই জানেন। আর সংকট যে তৈরি হবে সেটা বুঝা যায় যখন প্রথমেই বলে সংকট তৈরি হবে না।
সংসদে আসার সিদ্ধান্ত ভুল ছিল কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একদম ভুল ছিল না। আমরা বলেছিলাম যে সীমিত সুযোগ আমরা পাব সেই সীমিত সুযোগের সৎ ব্যবহার আমরা করব। আর সাড়ে তিন বছরে আপনারা দেখেছেন আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েছি। সুযোগ দেয়নি, সময় দেয়নি, মাইক অফ করে দিয়েছে-এরমধ্যে থেকেও যতটা সম্ভব করেছি।