রাতে তাপমাত্রা কমবে, ভোরে কুয়াশা পড়বে

ভোরের দিকে দেশের কোথাও কেথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ রবিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, পরবর্তী দুই দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে এবং পরবর্তী পাঁচ দিনের শেষের দিকে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া রাজারহাটে ১২.৫, শ্রমঙ্গলে ১৩.১, চুয়াডাঙ্গায় ১৩.৪, ডিমলা ও বদলগাছীতে ১৪.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।