বিশ্বের সাত বৃহৎ অর্থনৈতিক দেশের জোট জি-৭ এবং পশ্চিমারা সমুদ্রপথে রাশিয়ার জ্বালানি তেলের মূল্য ব্যারেল প্রতি ৬০ ডলারে বেঁধে দিয়েছে। রাশিয়ার তেলের দ্বিতীয় সর্বোচ্চ আমদানিকারক দেশ ভারত পশ্চিমের এ সিদ্ধান্তকে সমর্থন জানায়নি। এ কারণে ভারতকে ধন্যবাদ জানিয়েছে রাশিয়া। গত শনিবার রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত পবন কুমারের সঙ্গে দেখা করেন রুশ উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক। ওই বৈঠক শেষে ভারতকে ধন্যবাদ জানিয়ে একটি বিবৃতি দেয় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে রাশিয়া বলেছে, ‘জি-৭ জোটের তেলের মূল্য বেঁধে দেওয়ার সিদ্ধান্তের সঙ্গে ভারত একমত নয়। দেশটির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন উপপ্রধানমন্ত্রী। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, ২০২২ সালের প্রথম আট মাসে ভারতে রাশিয়ার জ্বালানি তেল আমদানির পরিমাণ ১৬.৩৫ মিলিয়ন টন পর্যন্ত পৌঁছেছে। পশ্চিমারা ভারতকে রাশিয়ার তেল বর্জনের আহ্বান জানালেও এ থেকে পিছপা হয়নি তারা। বিবৃতিতে আরও বলা হয়, তেল আমদানি করতে জি-৭ ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর জাহাজের ওপর নির্ভরশীলতা কমাতে ভারতকে বড় জাহাজ লিজ এবং তৈরিতে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন রুশ উপপ্রধানমন্ত্রী।