সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নবনিযুক্ত তিন বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রবিবার প্রধান বিচারপতির এজলাসকক্ষে তাদের সংবর্ধনা দেওয়া হয়।
বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে সংবর্ধনা দিয়েছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন ফকির তাদের সংবর্ধনা দেন। এ সময় তারা তিন বিচারকের কর্মময় জীবন নিয়ে আলোকপাত করেন।
অভিবাদনের জবাবে বক্তব্য দেন তিন বিচারপতি। সংবর্ধনা শেষে দুপুরে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এরপর তারা সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, নবনিযুক্ত তিন বিচারক আজ সোমবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন। সেখানে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ওই দিন ঢাকায় ফিরবেন।
গত বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টে বিচারক হিসেবে দায়িত্ব পালন করে আসা তিন বিচারককে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়। ওই দিনই সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।