আফগান বাহিনীর গুলিতে পাকিস্তানের চামান সীমান্তে নিহত ৬

আফগান বাহিনীর ছোড়া গুলি এবং ভারী গোলাবর্ষণে পাকিস্তান সীমান্তে অন্তত ছয়জন বেসামরিক লোক নিহত এবং আরও ২০ জন আহত হয়েছে বলে অভিযোগ করেছে পাকিস্তান সেনাবাহিনী। দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশের চামান সীমান্ত এলাকায় পাকিস্তানের সেনারা রবিবারের এ হামলার পাল্টা জবাব দিয়েছে বলে বিবৃতিতে জানায় সেনাবাহিনী। সীমান্তের ওপারে এক আফগান সেনাসদস্য নিহতের খবর পাওয়া গেছে।

আফগানিস্তান সীমান্তে কান্দাহার প্রদেশের এক আফগান কর্মকর্তা নূর আহমেদ গণমাধ্যম এবলেন, এটি নিছকই একটি ঘটনা। পরে দু'পক্ষ বৈঠক করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে ঘটনাটিকে বিনা উসকানিতে আগ্রাসন হিসেবে বর্ণনা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, পাকিস্তানি সেনারা একইভাবে জবাব দেয়, তবে তারা অপর পারের সাধারণ নাগরিকদের ওপর হামলা করেনি।

চামান জেলা হাসপাতালের প্রধান ডা. আবদুল মালিক আচাকজাই বলেন, আমরা ছয়টি মরদেহ পেয়েছি এবং আহত ২০ জনকে চিকিৎসা দিচ্ছি।

ব্যস্ত আফগান সীমান্ত পারাপার এলাকা চামান। বাণিজ্য এবং ট্রানজিটের জন্য ব্যবহার হয়। এলাকাটি পুনরায় খোলার আগেই কয়েকঘণ্টার জন্য বন্ধ করা হয় বলে জানায় দুই পক্ষের কর্মকর্তারাই। গত মাসেও এই সীমান্ত এলাকায় একই ধরনের সংঘর্ষের পর ক্রসিংটি কয়েকদিনের জন্য বন্ধ করা হয়েছিল। সূত্র : রয়টার্স, এনডিটিভি