সদ্য পদত্যাগ করা বিএনপি দলীয় সংসদ সদস্যরা গাড়ি-প্লটসহ আইন অনুযায়ী কী কী সুযোগ সুবিধা নিয়েছেন তার তথ্য চেয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সংসদ সচিবালয়ের সচিব, অর্থ সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, এনবিআর চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বরাবরে এ নোটিশ পাঠান।
নোটিশ গ্রহণের ৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে তথ্য না পেলে আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন সায়েদুল হক সুমন।
আইনি নোটিশে বিএনপির সাত এমপি হলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি উকিল আবদুস সাত্তার ভূঁইয়া, বগুড়া-৬ আসনের জি এম সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুন অর রশীদ ও সংরক্ষিত আসনের এমপি রুমিন ফারহানা।
এর আগে, রোববার (১১ ডিসেম্বর) জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির সংসদ সদস্যেরা।
নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে গণসমাবেশে সংসদে না যাওয়ার ঘোষণা দেয়। সেখান থেকে জানানো হয়, দলের সাত এমপি যেকোনো সময় পদত্যাগপত্র জমা দেবেন স্পিকারের কাছে।