আর্জেন্টিনা-ক্রোয়েশিয়ার অতীত লড়াই কী বলছে

চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে ‍মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। গ্রুপ পর্বের ম্যাচটা ৩-০ গোলে হেরে যায় লিওনেল মেসিরা। এবারের বিশ্বকাপে সেই ক্রোয়েশিয়াই ফাইনালের পথে মেসিদের সামনে বাধা। এবার পারবে কি আর্জেন্টিনা?

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া দুই দলই কোয়ার্টার ফাইনালে জয় পায় টাইব্রেকারে গিয়ে। আর্জেন্টিনা হরায় নেদারল্যান্ডসকে। ক্রোয়েশিয়া হারায় ব্রাজিলকে।

লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। তার আগে দেখে নেওয়া যাক দুই দলের মুখোমুখি লড়াইয়ের অতীত চিত্র।

বিশ্বকাপে মুখোমুখি লড়াই

বিশ্ব আসরে এখন পর্যন্ত দুইবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। যেখানে একটি করে জয় দুই দলেরই।

দুই দলের সবশেষ লড়াইয়ের কথা তো আগেই উল্লেখ করা হয়েছে। বিশ্বকাপের মঞ্চেই ছিল সেই লড়াই।

১৯৯৮ সালে প্রথমবার বিশ্বকাপের মঞ্চে দেখা হয় দুই দলের। যেখানে ১-০ গোলে জিতেছিল আর্জেন্ট্নিা।

সব মিলিয়ে মুখোমুখি লড়াই

আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া সব মিলিয়ে একে অপরের মুখোমুখি হয়েছে পাঁচবার। যেখানে সমানে সমান অবস্থান দুই দলের। দুটি করে জয় পেয়েছে দুই দলই। অন্য ম্যাচটি ড্র হয়।

বিশ্বকাপের মঞ্চে দুই বারের দেখায় তো একটি করে জয় দুই দলের। এর বাইরে ১৯৯৪ সালে প্রীতি ম্যাচে প্রথমবার মুখোমুখি হয়েছিল দল দুটি। সেই ম্যাচ গোলশূন্য ড্র হয়। ২০০৬ সালের প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়া জিতেছিল ৩-২ ব্যবধানে। ২০১৪ সালে আর্জেন্টিনা জিতেছিল ২-১ ব্যবধানে।