বাড়িওয়ালার ধাক্কায় ভাড়াটিয়ার মৃত্যু

রাজধানীর ভাষানটেক এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাগ্বিত-ার একপর্যায়ে বাড়িওয়ালার ধাক্কায় মারা গেছেন শামসুল হক (৬৬) নামে এক ভাড়াটিয়া। গতকাল সোমবার মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী থানায় হত্যা মামলা দায়েরের পর অভিযুক্ত বাড়িওয়ালা আতিয়ার রহমান মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত শামসুল হকের বাড়ি বরিশাল।

ভাষানটেক থানার ওসি এবিএম আসাদুজ্জামান বলেন, নিহত শামসুল হক ভাঙ্গারির দোকানে মালামাল বিক্রি করতেন এবং পরিবার নিয়ে কচুক্ষেতের তামান্না কমপ্লেক্সের পেছনে একটি টিনশেডের বাড়িতে থাকতেন। তিনি থাকলে ওই বাড়িতে থাকবেন না বলে জানান কয়েকজন ভাড়াটিয়া। এ কারণে তাকে বাসা ছেড়ে দিতে বলেন বাড়িওয়ালা। বাসা না ছাড়ায় রবিবার সন্ধ্যায় দুজনের ঝগড়া বাধে। একপর্যায়ে মুকুলের ধাক্কায় পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন শামসুল। গতকাল ভোরে  সোহরাওয়ার্দী হাসপাতালে তিনি মারা যান।