আমিরকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ

জামায়াতের আমিরকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর মৌচাক মার্কেটের সামনে থেকে শুরু হয়ে মালিবাগ রেলগেটে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলপরবর্তী সমাবেশে জামায়াতের পক্ষ থেকে ড. শফিকুল ইসলাম মাসুদ দাবি করেন, বাংলাদেশের গণমানুষের মুক্তির জন্য ১০ দফা কর্মসূচি ঘোষণা করার পরপরেই এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার অত্যন্ত ন্যাক্কারজনকভাবে জামায়াত আমিরকে গ্রেপ্তার করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার মুক্তির দাবি জানাচ্ছি।

তিনি বলেন, মূলত জনগণের ১০ দফা দাবি আদায়ের আন্দোলনকে বাধাগ্রস্ত করতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করছি, সরকারের এই গ্রেপ্তার, হামলা-মামলা ও ভয়-ভীতি দেখিয়ে দেশের মানুষের মুক্তির জন্য চলমান এই আন্দোলনকে বন্ধ করা যাবে না।