বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ত্যাগ করার ১৬ বছর পর প্রথম রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে অলি আহমদ ক্ষতিগ্রস্ত বিএনপির কার্যালয় পরিদর্শন করেন।
অলি আহমদ বিএনপি কার্যালয় পরিদর্শনের সময় তার সঙ্গে এলডিপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন রাজ্জাকসহ এলডিপির অন্যান্য সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির নজরুল ইসলাম খান, এমরান সালেহ প্রিন্সসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
পুলিশি অভিযানের পর বিএনপির কার্যালয়ের বর্তমান অবস্থা কেমন রয়েছে, সেটিই পরিদর্শন করতে আসেন কর্নেল (অব.) অলি আহমদ। ২০১৪ সালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২০ দলীয় জোটের এক সমাবেশে খালেদা জিয়ার উপস্থিতিতে অলি আহমেদ সেখানে গেলেও দলীয় কার্যালয়ে প্রবেশ করেননি।
এর আগে, বিএনপি অফিসে পুলিশি অভিযানের সমালোচনা করে বিবৃতিতে দেন অলি আহমদ।