‘চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ লাগবে’

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, দক্ষ মানব সম্পদ তৈরির মাধ্যমে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সরকার। আর এই দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে সরকারি পর্যায়ে আধুনিক প্রযুক্তি নির্ভর তাঁত প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট পরিচালিত হচ্ছে। 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর সাহেপ্রতাপে তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে ২০২১-২২ শিক্ষাবর্ষে বিএসসি ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাইরে থেকে আমদানি করার বদলে বর্তমানে বাংলাদেশ কাপড় তৈরি করে বিদেশে রপ্তানি করা হচ্ছে। যার ফলে বৈদেশিক মুদ্রার আয় বাড়ছে। বৈদেশিক মুদ্রার আয় আরও বাড়ানোর জন্য এসব প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ। এসব প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণপ্রাপ্তরা শিল্প বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ছাত্রছাত্রীদের উদ্যোক্তা হওয়ার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, চাকরির জন্য ধারে ধারে না ঘুরে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলতে হবে। প্রধানমন্ত্রী যুব সমাজকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার সকল সুযোগ সুবিধা করে দিয়েছে। দেশের সবচেয়ে বড় কাপড়ের হাট বাবুরহাট নরসিংদীতে অবস্থিত। তাই এখানে উদ্যোক্তা হওয়ার অনেক সুযোগ রয়েছে। নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলতে হবে।

তাঁত বোর্ডের চেয়ারম্যান ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরসিংদী সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম হিরু, নরসিংদী-গাজীপুর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তামান্না নূসরাত বুবলী, জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া প্রমুখ।