বিএনপি নেত্রীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে কটূক্তি ও অশালীন বক্তব্য রাখায় লক্ষ্মীপুরে নয়ন বেগম নামে এক মহিলা দল নেত্রীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা (আইসিটি) আইনে মামলা হয়েছে। 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আহছানুল কবির রিপন। 

তিনি জানান, রোববার রাতে তিনি বাদী হয়ে মামলাটি করেন। 

অভিযুক্ত নয়ন লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য। তিনি জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

মামলায় বলা হয়,গত ৯ ডিসেম্বর রাতে নয়ন ঢাকায় বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, সেতুমন্ত্রী ও আওয়ামী লীগকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন। সেই বক্তব্যের ভিডিও 'আমির বাংলা' নামে একটি ফেসবুক আইডির মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এটি বাদী আহছানুল কবির রিপন ও সাক্ষীদের নজরে পড়ে।

প্রায় সাড়ে চার মিনিটের ভিডিওচিত্রে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের চ্যালেঞ্জ করে অশালীন বক্তব্য রাখেন। যা নয়ন তার নিজের ব্যবহৃত ফেসবুক পেজে শেয়ার করেন।

মামলার বাদী আহছানুল কবির রিপন বলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য হয়েও সরকারের সুবিধা ভোগ করেন। এরপরও বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের নিয়ে অসভ্য ও অশালীন ভাষায় বক্তব্য দিয়েছে। যা দৃষ্টিকটু এবং এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচারের জন্য আমি নয়নের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করি। তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে নয়ন বেগমের বিরুদ্ধে মামলা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।