দিনাজপুরে এসিল্যান্ডের গাড়িতে ইজিবাইকের ধাক্কায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) দুই শিক্ষার্থী আহতের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর সদর উপজেলা পরিষদের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন, জেলার বোচাগঞ্জ উপজেলার সুলতানপুর এলাকার আমজাদ হোসেনের মেয়ে আমিনা ইয়াসমিন (২০) ও রংপুর মিঠাপুকুর এলাকার ফেলান চন্দ্রের ছেলে পল্লব চন্দ্র (২২)। তারা দুজনেই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী।
পল্লব চন্দ্র বলেন, সকালে আমরা বিশ্ববিদ্যালয়ের বাস ধরতে না পারায় ইজিবাইকে করে যাচ্ছিলাম। পথিমধ্যে সদর উপজেলা পরিষদের সামনে আসলে এসিল্যান্ডের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে আমরা দুজনই রাস্তায় ছিটকে পড়ি। পরে খবর পেয়ে সহপাঠীরা আমাদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। আমার পায়ে সামান্য আঘাত লেগেছে। আর সহপাঠী আমিনার মাথা ও পায়ে আঘাত লেগেছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।
বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম বলেন, ছোট একটা দুর্ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে মেডিকেলে গিয়ে খোঁজ নিয়েছি। বর্তমানে ওই শিক্ষার্থীর চিকিৎসা চলছে।