দমনমূলক রাজনীতি বন্ধ করুন: চরমোনাই পীর

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আধুনিক রাষ্ট্রে বহুদলীয় রাজনীতির সর্বজন স্বীকৃত পন্থা। এই পন্থায় পরস্পরবিরোধী একাধিক দল থাকবে। তারা প্রতিযোগিতা করবে এটাই সৌন্দর্য। বাংলাদেশের সংবিধানে শাসনক্ষমতার জন্য প্রতিযোগিতা, নির্বাচনি লড়াই, ক্ষমতাসীন দলের সমালোচনা এমনকি সরকার পরিবর্তনের চেষ্টা করাও বৈধ। এটা আমাদের রক্তে কেনা অধিকার।

তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই যে রাজনীতি চর্চা করছে তাকে দমনমূলক রাজনীতি ছাড়া আর কিছু নয়। তবে সমকালে দমনমূলক রাজনীতিও বিরোধীদলের শীর্ষ নেতাদের একধরনের উন্মুক্ত রাজনীতি করার সুযোগ দেয়। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো বাংলাদেশে সাম্প্রতিক এই ভদ্রতাও রক্ষা করা হচ্ছে না।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ৫০ বছরের স্বাধীন একটা দেশে বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের এভাবে গ্রেপ্তার করা রীতিমতো অভদ্রতা এবং দমনমূলক রাজনীতির নিকৃষ্টতম উদহারণ। এটা কোনভাবেই সমর্থন করা যায় না। বিরোধী রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃত্ব; যাদেরকে হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তি দিয়ে রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে। সকলকে সুস্থ্, স্বাধীন রাজনীতি করার সুযোগ দিতে হবে।