সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়াসহ ১০ দফা দাবি আদায়ে পূর্বঘোষিত গণমিছিলের কর্মসূচি ২৪ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর করার কথা ভাবছে বিএনপি।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিএনপির দায়িত্বশীল নেতারা বলেছেন, 'যাদের সঙ্গে আমরা যুগপৎ আন্দোলন করবো তাদের পরামর্শেই তারিখ পরিবর্তনের ব্যাপারে চিন্তা-ভাবনা করা হচ্ছে। আগামী দুই একদিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।'
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য দেশ রূপান্তরকে বলেন, ‘এমনও হতে পারে ২০১৮ সালের যে দিনে দেশে ভোট ডাকাতির নির্বাচন হয়েছে ওই দিন থেকেই যুগপৎ আন্দোলনের সূচনা হবে।’
বাম গণতান্ত্রিক জোটের সাধারণ সম্পাদক সাইফুল হক দেশ রূপান্তরকে বলেন, ‘কর্মসূচি ঘোষণার আগে কর্মসূচি নিয়ে আলোচনা হলেও তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি। ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিল। ওই দিন কর্মসূচি দেওয়া ঠিক হবে না। তাই তারিখ পরিবর্তনের কথা বলা হয়েছে। বিএনপিও চিন্তা-ভাবনা করছে। আলোচনা করেই সিদ্ধান্ত নেবো আমরা।’
এর আগে, শনিবার রাজধানীর গোলাপবাগে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে ২৪ ডিসেম্বর সমমনা দলগুলোকে নিয়ে সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে গণমিছিল পালনের ঘোষণা দেয় বিএনপি।
বিএনপির গণমিছিলের কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘ওই দিন আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন। দুই মাস আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের তারিখ নির্ধারণ করেছিলেন। সেটি জানার পরও বিএনপি গণমিছিল কর্মসূচি দিয়ে দেশে গণ্ডগোল বাধানোর চেষ্টা করছে। আওয়ামী লীগের সম্মেলনের তারিখ জেনেও বিএনপি গণমিছিলের আয়োজন করে আমাদের উসকানি দিচ্ছে।’