ঘুষের টাকা গিলে বাঁচার চেষ্টা, ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদ শহরের মহিষ চোরকে ধরতে এক দফা ঘুষ নিয়েছিলেন রাজ্য পুলিশের উপপরিদর্শক মাহেন্দ্র উলা। দ্বিতীয় দফায় ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। দুর্নীতি দমন কর্মকর্তাদের থেকে বাঁচতে ঘুষের টাকা গিলে খাওয়ার চেষ্টা করেন তিনি। তবে সফল হননি। ওই পুলিশ কর্মকর্তার টাকা গিলে খাওয়ার চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এ খবর জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

ভিডিওতে দেখা যায়, ধরা পড়ার পর নিমেষেই ঘুষের টাকা মুখে পুরে ফেলেন মাহেন্দ্র। পরে তার মুখ থেকে টাকা বের করতে ধস্তাধস্তি শুরু করেন দুর্নীতি দমন কর্মকর্তারা। একপর্যায়ে তাকে মাটিতে ফেলে মুখের ভেতরে আঙুল ঢুকিয়ে টাকা বের করার চেষ্টা করা হয়। তবে নাছোড়বান্দা মাহেন্দ্র, কিছুতেই বের করতে দেবেন না টাকা। শেষমেশ তাকে গাড়িতে তুলে নিয়ে যায় দুর্নীতি দমন কর্মকর্তারা।

দুর্নীতি দমন কর্মকর্তাদের বরাতে এনডিটিভি জানিয়েছে, কয়েক দিন আগে শুভনাথ নামে এক ব্যক্তির মহিষ চুরি হয়েছিল। চোর ধরতে শুভনাথের কাছে ১০ হাজার রুপি ঘুষ চান মাহেন্দ্র। প্রথম ধাপে ছয় হাজার রুপি নিয়েছিলেন। তবে বাকি টাকা দেওয়ার আগে বিষয়টি দুর্নীতি দমন কর্মকর্তাদের জানান শুভনাথ। এরপরই, ফাঁদ পাতেন দুর্নীতি দমন কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী উপপরিদর্শক মাহেন্দ্রকে ঘুষের বাকি চার হাজার রুপি দিতে যান শুভনাথ। ঘুষ নেওয়ার সঙ্গেসঙ্গেই মাহেন্দ্রকে পাকড়াও করেন দুর্নীতি দমন কর্মকর্তারা।