হাসান মাহমুদের গণসংগীত সন্ধ্যা আজ

শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসে কবি ও সংগীতশিল্পী হাসান মাহমুদের গণসংগীত সন্ধ্যা ‘স্মরণ বাঙলা’ আজ বুধবার। স্বপ্নকুঁড়ির আয়োজনে অনুষ্ঠানে প্রয়াত কিংবদন্তি কণ্ঠশিল্পী ভূপেন হাজারিকা, হেমাঙ্গ বিশ্বাস, ফকির আলমগীরের গাওয়া গান থেকে ১০টি গান নিয়ে সাজানো হয়েছে এ সন্ধ্যা। এর মধ্যে রয়েছে ‘নাম তার ছিল জন হেনরী’, ‘আমি এক যাযাবর’, ‘দোলা হে দোলা’, ‘মোর গাঁয়ের সীমানায় পাহাড়ের ওপারে’, ‘ডিম পাড়ে হাঁসে খায় বাঘডাশে’, ‘ও সখিনা গেছস কিনা ভুইলা আমারে’, ‘মাগো ভাবনা কেন’, ‘ছোটদের বড়দের সকলের’-এর মতো জনপ্রিয় গান।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৫টায় গান গাইবেন দরদি কণ্ঠের শিল্পী হাসান মাহমুদ। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। কবি হাসান মাহমুদ স্বপ্নকুঁড়ির সভাপতি এবং পাক্ষিক পত্রিকা সময় পূর্বাপর-এর সম্পাদক। বিজ্ঞপ্তি