মেসি জানিয়ে দিলেন, ফাইনালেই তার শেষ

বিশ্বকাপের আগেও জানিয়েছিলেন। জাদুকরী পারফরম্যান্সে ক্রোয়েশিয়াকে হারিয়ে দলকে ফাইনালে তোলার পর বিষয়টি নিশ্চিত করলেন আরও একবার। আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি জানিয়ে দিয়েছেন, ফাইনাল ম্যাচটাই হবে বিশ্বকাপে তার শেষ ম্যাচ।

কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ম্যাচটিতে দুটি গোল করেন জুলিয়ান আলভারেজ। অন্য গোলটি করেন লিওনেল মেসি।

তবে আলভারেজের দুই গোলেও অবদান মেসির। তৃতীয় ও শেষ গোলটা তো হয় মেসির চোখ ধাঁধানো অ্যাসিস্ট থেকে।

ম্যাচের পর আর্জেন্টনাইন সংবাদ মাধ্যম দিয়ারিও দেপোর্তিভো ওলে-এর সঙ্গে কথা বলেন মেসি। সেখানেই তিনি জানান রবিবারের ফাইনাল ম্যাচটিই হবে বিশ্বকাপে তার শেষ ম্যাচ। যেখানে প্রতিপক্ষ হয়ে আসতে পারে ফ্রান্স বা মরক্কো।

‘ফাইনাল খেলে আমার বিশ্বকাপ ভ্রমণ শেষ হবে। এই অর্জনে আমি খুবই খুশি। পরের বিশ্বকাপ অনেক বছর পরের ব্যাপার। আমার মনে হয় না আমি তা খেলতে পারব। বরং এভাবে শেষ করতে পারাই সেরা ব্যাপার।’- বলেন মেসি।