চাঁদপুরে তুচ্ছ ঘটনার জের ধরে এক লঞ্চ যাত্রীকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করেছে একদল যুবক।
মঙ্গলবার মধ্যরাতে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মো. সুমন গাজী (৩২) চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী এলাকার মো. স্বপন গাজীর ছেলে।
সুমন ঢাকায় বিমানবন্দর এলাকায় একটি ফার্নিচার দোকানে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত পৌনে ৮টায় ঢাকা থেকে ছেড়ে আসা এমভি সোনার তরী-৩ লঞ্চযোগে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয় সুমন গাজী। পথিমধ্যে অপর লঞ্চ যাত্রী বাবুর সঙ্গে লঞ্চের সিটে বসা নিয়ে তার বাগ্বিতণ্ডা হয়।
একপর্যায়ে ক্ষুব্ধ বাবু লঞ্চযাত্রী সুমনকে হুমকি-ধমকি দেয়। লঞ্চটি রাত সোয়া ১১টায় চাঁদপুর ঘাটে ভিড়লে বাবু ও তার বন্ধুরা মিলে সুমনের উপর চড়াও হয়।
এ সময় তারা সুমনকে বেদম মারধর ও ছুরিকাঘাত করে। ওই সময় তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোনসহ অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়।
এ সময় আশপাশের লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোরে তার মৃত্যু হয়।
এই ঘটনায় ৮ জনকে আটক করা হয়েছে।
নিহত সুমনের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
পরিবারে ৩ ভাই ও এক বোনের মধ্যে সুমন সবার বড়।