পরিবার নিয়ে পাহাড়ের পেছনের বাঙ্কারে আশ্রয় নিচ্ছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিনের কর্মকর্তাদের একাংশের মধ্যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রমণের ফলে জ্বর ছড়িয়ে পড়েছে। আর তার জেরে এবার আইসোলেশনে চলে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  রাশিয়ার প্রেসিডেন্ট এবার স্বপরিবারেই বাঙ্কারে আশ্রয় নিচ্ছেন।

ব্রিটিশ দৈনিক ডেইলি মিররে প্রকাশিত সংবাদ অনুসারে জানা গিয়েছে, প্রেসিডেন্টের নিজস্ব টিমের মধ্যে এই সংক্রমণ ছড়াচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। সেকারণেই প্রেসিডেন্ট নিজে বাঙ্কারে আইসোলেশনে চলে যাচ্ছেন। নতুন বছরের আগেই তিনি চলে যাবেন গোপন বাঙ্কারে। মূলত স্বাস্থ্য ও সুরক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যাবতীয় নিয়ম মেনেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রতিবছর বছর শেষে সাংবাদিকদের মুখোমুখি হন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। তবে এবার সেটাও বাতিল করা হচ্ছে। গত ১০ বছরে এবারই প্রথম এই ধরনের প্রেস কনফারেন্স বাতিল করা হল। আসলে তার ঘনিষ্ঠ একাধিক কর্মকর্তাই নাকি জ্বরে আক্রান্ত। তার জেরেই আর কোনও ঝুঁকি নয়। এবার বছরশেষে যাবতীয় কর্মসূচি বাতিল করা হচ্ছে প্রেসিডেন্ট পুতিনের।

ইউরোপীয় নিউজ আউটলেট নোভায়া গ্যাজেটার খবরে বলা হয়েছে, ক্রেমলিনের একাধিকজন ফ্লুতে আক্রান্ত। ভার্স্টকা মিডিয়া আউটলেটের খবর অনুসারে, এবার পুতিন ও তার পরিবার উরাল পর্বতের পূর্বদিকে বাঙ্কারের মধ্যে নতুন বছর কাটাবেন।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, পুতিনের নিরাপত্তার সব দিক গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। বাঙ্কারের মতো জায়গায় দিন কাটানো শুরু করছেন পুতিন। প্রেসিডেন্ট ও তার ঘনিষ্ঠরা বাঙ্কারেই নতুন বছর পালন করবেন। সোচিতে তার বাড়িতে থাকার ব্যাপারটি বাতিল করা হয়েছে। আপাতত তিনি উরাল পাহাড়ের পেছনদিকের বাঙ্কারে ছুটি কাটাবেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস, এনডিটিভি