যথাযোগ্য মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা নদী তীরবর্তী রেহায়চর এলাকায় বীরশ্রেষ্ঠের শাহাদাতস্থলের স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন শেষে শ্রদ্ধা নিবেদন করা হয়। সংসদ সদস্য, জেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধারা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা এবং শিক্ষার্থীরা সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
পরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গণে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, জেলা প্রশাসক একেএম গালিভ খান, অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।