দেশ রূপান্তর সম্পাদকের সঙ্গে হকার্স কল্যাণ সমিতির মতবিনিময়

দেশে প্রিন্ট মিডিয়া গভীর সংকটে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক প্রসার, অনলাইন ও ডিজিটাল সংবাদমাধ্যমের সহজলভ্যতায় এ সংকট দিন দিনই বিস্তৃত হচ্ছে। অথচ প্রিন্ট মিডিয়ার যে গ্রহণযোগ্যতা তা এখনো প্রশ্নাতীত। এ অবস্থায় প্রিন্ট মিডিয়াকে টেকাতে হলে সাংবাদিক ও হকার নেতাদের একসঙ্গে কাজ করতে হবে বলে মতপ্রকাশ করেছেন সাংবাদিক ও হকার নেতারা। গতকাল বুধবার দেশ রূপান্তরের সাংবাদিক ও সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তারা এ মতপ্রকাশ করেন।

মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় হকার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে। সভায় দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন বলেন, আমাদের হকার্স কল্যাণ সমিতিতে আরও অনেক আগেই আসা উচিত ছিল। নানা প্রতিকূলতার মধ্যে তা হয়ে ওঠেনি। সাংবাদিকদের প্রতিদিন পরীক্ষা দিতে হয়। কারণ প্রতিদিন পাঠকের কাছে আমাদের নতুন নতুন জিনিস নিয়ে উপস্থিত হতে হয়। সবসময় ভালো হলেও এক দিন খারাপ হলেই তা পাঠকের মনে থাকবে। এ জন্য আমাদের সবসময় সজাগ থাকতে হয়।

মোস্তফা মামুন আরও বলেন, কাগজের দাম অবিশ্বাস্য রকম বেড়েছে। কিন্তু কাগজের দরের কাছে আমরা হারতে চাই না। আমরা টিকে থাকতে চাই। আপনাদের সমর্থন নিয়ে আমরা চেষ্টা করে যাব। দেশের বড় বড় খবরের কাগজ প্রিন্ট মিডিয়ার চেয়ে অনেক বেশি বিনিয়োগ করছে অনলাইনে। কারণ অনলাইনে লাভ বেশি। কিন্তু সব কাজে মুনাফা করলে হয় না। সংবাদপত্র করতে হবে ভালোবাসা থেকে। আমরা ভালোবাসা থেকে কাগজটি করতে চাই। এ জন্য আপনাদের (হকার) আমাদের পাশে থাকতে হবে। তিনি বলেন, দেশে যেকোনো রাজনৈতিক সংকটে সবচেয়ে গ্রহণযোগ্য মাধ্যম হচ্ছে প্রিন্ট মিডিয়া। যেকোনো সংকটে এখনো পাঠকরা প্রিন্ট মিডিয়াকেই বেশি গুরুত্ব দেন। রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও শেষ পর্যন্ত পত্রিকাকেই বেছে নেন।

মোস্তফা মামুন হকারদের সমস্যা সমাধানের জন্য তাদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

মতবিনিময় সভায় সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মো. শাহাব উদ্দিন বলেন, সংবাদপত্র নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে। এ সময় সাংবাদিক ও হকারদের এক হয়ে কাজ করতে হবে। সংবাদপত্রকে হকারদের পাশে দাঁড়াতে হবে।

হকার্স কল্যাণ সমিতির সুপারভাইজার মো. দুলাল বলেন, হকাররা অত্যন্ত সংকটের মধ্যে দিন পার করছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে হকাররা আর পেরে উঠছেন না। এ অবস্থায় তাদের সাপোর্ট দরকার। আমার আবেদন, আপনারা সংবাদপত্রে যারা কাজ করেন তারা আমাদের বিষয়টি বোঝার চেষ্টা করবেন।

মতবিনিময় সভায় দেশ রূপান্তরের বিশেষ প্রতিনিধি আশরাফুল হক বলেন, খবরের কাগজে সাংবাদিকরা রিপোর্ট লেখেন। কিন্তু হকাররা যদি সেই পত্রিকা পাঠকের কাছে না পৌঁছান, তাহলে সেই সংবাদের কোনো মূল্য নেই। এ কারণে সাংবাদিক ও হকাররা পরস্পরের পরিপূরক।

দেশ রূপান্তরের সার্কুলেশন বিভাগের সিনিয়র ম্যানেজার মুহাম্মদ আবদুল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠানে হকার্স কল্যাণ সমিতির সভাপতি সালাউদ্দিন মো. নোমান, পরিচালকবৃন্দ, সুপারভাইজার, ডিস্ট্রিবিউটর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।