কারাবন্দী নেতাদের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: প্রিন্স

আওয়ামী দুঃশাসনের অপরাজনীতি থেকে বাংলাদেশের কেউতো নয়ই; এমনকি বিদেশিরা আজকে নিরাপদ নয় বলে অভিযোগ করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এমরান সালেহ প্রিন্স। 

আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সেই সঙ্গে তিনি গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের একটি তালিকা তুলে ধরেন সাংবাদিকদের সামনে।

তিনি বলেন, হৃদ্রোগ, ডায়াবেটিকস সহ বিভিন্ন রোগে আক্রান্ত কারাবন্দী বিএনপির নেতাকর্মীদের ওষুধ সরবরাহ করতে বাধা দেওয়া হচ্ছে। তাদের প্রয়োজনীয় কাপড়চোপড় দিতে দেওয়া হচ্ছে না। পরিবারের পক্ষে থেকে দেখা করতে গেলে দেখা করতে দেওয়া হচ্ছে না। কারাবন্দী নেতাদের খারাপ আচরণ করা হচ্ছে। বন্দীদের ডিভিশন দেওয়া হচ্ছে না। যা কারা রীতি ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। সরকারের নির্দেশে এমন করা হচ্ছে বলে জানতে পেরেছি।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নেতা নিখোঁজ আবদুর রহিমসহ সকলের সন্ধান করেন তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের ওপরে হামলার ঘটনা কিভাবে দেখছেন এমন প্রশ্নের উত্তরে এমরান সালেহ প্রিন্স বলেন, এটি দুঃখজনক, আওয়ামী দুঃশাসনের যে অপরাজনীতি, সেই অপরাজনীতি থেকে বাংলাদেশের কেউতো নয়ই; এমনকি বিদেশীরা আজকে নিরাপদ নয়। এই ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এ ঘটনার মধ্য দিয়ে বিদেশে দেশের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুণ্ন হবে। বাংলাদেশের যে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, মানবাধিকার নেই, এখানে যে একটা অপশাসন চলছে তা ফুটে উঠবে।

তিনি আরও বলেন, এ ঘটনার পর পরই ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী যে ভাষায় বক্তব্য দিয়েছে। তাতেই প্রমাণ করে এ ঘটনার সঙ্গে তারা জড়িত। তারা উসকানি দিয়ে লোক পাঠিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র পতাকাবাহী গাড়ির উপড়ে তারা আঘাত করেছে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে সেখানে হেনস্তা করা হয়েছে।

এর আগেও মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের গাড়িতে মোহাম্মদপুরে গভীর রাতে এই সরকারের নির্দেশেই হামলা চালানো হয়েছিল। এ কথা কেউ ভুলে যায়নি মন্তব্য করেন বিএনপির এই নেতা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা কাজী আবুল বাশার, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, কাজী রওনাকুল ইসলাম টিপু, আমিরুজ্জামান খান শিমুল প্রমুখ।