২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৯ আসামির ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন), আসামিদের আপিল ও জেল আপিলের ওপর শুনানি আগামী বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট।
বৃহস্পতিবার পর্যন্ত রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এ মামলায় ২৩৫ সাক্ষীর মধ্যে ৬৬ জনের জবানবন্দি পড়ে শোনান। শুনানি শেষে বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ পরবর্তী শুনানির জন্য এ দিন ধার্য করে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
গত ৪ ডিসেম্বর মামলার শুনানি শুরুর দিন এফআইআর ও অভিযোগপত্র থেকে পড়ে শোনান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বশির আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ‘৬৬ সাক্ষীর জবানবন্দি পড়া হয়েছে। আদালত পরবর্তী শুনানির জন্য ২৫ জানুয়ারি ধার্য করেছেন। সব সাক্ষীর বক্তব্য পড়া শেষে আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষীদের বক্তব্যের ওপর যুক্তিতর্কের শুনানি করবেন।’
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এতে দলটির ২৪ নেতাকর্মী প্রাণ হারান। আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আহত হন কয়েক শ মানুষ। ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ রায়ে হত্যা ও বিস্ফোরক আইনে বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ওই সরকারের শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক রেজ্জাকুল হায়দার চৌধুরীসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, বিএনপি নেতা শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
পাশাপাশি সরকারি কর্মচারী হয়েও অপরাধীদের রক্ষায় কাজ করার অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক মো. আশরাফুল হুদা, শহুদুল হকসহ ১১ জনকে সর্বনিম্ন দুই বছর এবং সর্বোচ্চ তিন বছর করে কারাদণ্ড দেয় আদালত।
বিচারিক আদালতের রায়ের পর মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্সসহ মামলার যাবতীয় নথি ওই বছরের ২৭ নভেম্বর হাইকোর্টে আসে। মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামিদের ৪৪টি আপিল ২০১৯ সালের ১৩ জানুয়ারি শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট। ২০২০ সালের মধ্য আগস্টে এ মামলার পেপারবুক (বিচারিক আদালতের রায়সহ যাবতীয় নথি) প্রস্তুত হয়।