জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

মহান বিজয় দিবসের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করেন। এরপরই সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। 

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা থেকে স্মৃতিসৌধ এলাকা সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

এরপর থেকেই জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে সৌধ এলাকায়।

বিভিন্ন সরকারি-বেসরকারি, এনজিও, শিক্ষা প্রতিষ্ঠানসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যানারে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান।

এর আগে, সকাল ৬টা ২৭ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। 

স্মৃতিসৌধ এলাকায় গিয়ে দেখা গেছে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গাড়িবহর বের হয়ে যাওয়ার পরপরই সৌধ এলাকা উন্মুক্ত করে দেওয়া হয়। পরে বিভিন্ন দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ সৌধ প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রবেশ করতে থাকেন। 

স্মৃতিসৌধ কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বিজয় দিবসে দেশের বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ এসে শ্রদ্ধা নিবেদন করবেন তাই সৌধ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।