চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ভারতের ৪০৪ রানের বিপরীতে বাংলাদেশ ১৫০ রানে গুটিয়ে গেছে। ২৫৪ রানে এগিয়ে থাকলেও সফরকারীরা ফের ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশকে ফলোঅন করানোর সুযোগ থাকলেও সেটা করেনি তারা।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশের শেষ দুই উইকেট তুলে নিতে ১১.৫ ওভার বল করতে হয়েছে ভারতকে। আগের দিনের সঙ্গে বাংলাদেশ আর যোগ করতে পেরেছে ১৭ রান। ভারতের বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ যাদব ৫ উইকেট নিয়েছেন।
৮ উইকেটে ১৩৩ রান নিয়ে নতুন দিন শুরু করে বাংলাদেশ। দিনের পঞ্চম ওভারেই সাফল্য পায় ভারত। ইবাদতকে ফিরিয়ে পাঁচ উইকেট পূরণ করেন কুলদিপ।
উইকেটের পেছনে ক্যাচ দেওয়া ইবাদত ৩৭ বলে ২ চার ও ১ ছক্কায় ১৭ রান করেন। নবম উইকেটে মিরাজের সঙ্গে ৪২ রান যোগ করেন তিনি। আগের দিন এই জুটির কারণেই অলআউট থেকে বেঁচে যায় স্বাগতিকরা।
খালেদ আহমেদকে নিয়ে দশম উইকেটে ৪২ বল খেলে ৬ রান যোগ করেন মিরাজ। তাকে স্টাম্পড করে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেন অক্ষর প্যাটেল। ৮২ বলে ২ চার ও ১ ছক্কায় ২৫ রান করেন মিরাজ। বাংলাদেশের ইনিংসে যা দ্বিতীয় সর্বোচ্চ।
অক্ষর প্যাটেলের বলে একবার আম্পায়ার এলবিডব্লিউ দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান খালেদ। ১৪ বল খেলে তিনি অবশ্য রান করতে পারেননি কোনো।
আগের দিন ২৮ রানে আউট হওয়া মুশফিকের রানটাই বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ। লিটন দাস ২৪ ও জাকির হাসান ২০ রান করেন।
ভারতের পক্ষে কুলদিপের ৫ উইকেট ছাড়াও মোহাম্মদ সিরাজ ৩ উইকেট নিয়েছেন।
আরও পড়ুন