বিএনপি দলগতভাবে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যারা আমাদের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, যারা আমাদের মুক্তিকামী মানুষের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল, সেই জামায়াতে ইসলামী, তাদের বংশধর, বিএনপির যেসব নেতা স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা ও বিএনপি দলগতভাবে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের প্রত্যয় হচ্ছে, দেশবিরোধী সব অপশক্তিকে দমন করে দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেওয়া।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বাধীনতার পাঁচ দশক পরেও স্বাধীনতাবিরোধী অপশক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, তারা বিদেশিদের কাছে দেশ সম্পর্কে নানা ধরনের ভুল তথ্য দিচ্ছে। দেশে-বিদেশে তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

মন্ত্রী আরও বলেন, ‘আমাদের স্বপ্নের ঠিকানা হচ্ছে ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে পরিপূর্ণভাবে একটি উন্নত দেশে রূপান্তর করা। প্রধানমন্ত্রী বাংলাদেশকে ডিজিটালে রূপান্তর করেছেন। এখন বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা, এটি হচ্ছে আমাদের স্বপ্ন।’