গ্রুপ পর্বে মেক্সিকোর বিপক্ষে জয়ের পর ড্রেসিংরুমে আর্জেন্টিনা দলের উদ্যাপনের দৃশ্য ভাইরাল হয়েছিল। যা দেখে মেক্সিকান বক্সার ক্যানেলো আলভারেজ দাবি করেছিলেন, লিওনেল মেসি তার দেশের জাতীয় পতাকাকে অসম্মান করেছেন। তিনি হুমকিও দেন আর্জেন্টিনা অধিনায়ককে।
পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরে ক্ষমাও চান ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়ন সেই বক্সার। এবার যিনি প্রকাশ্যে মেসির খেলা নিয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করলেন।
সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে কাতার বিশ্বাকপের ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। আগামী রবিবার শিরোপার লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে খেলবে তারা।
ক্রোয়াটদের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে মেসি নিজে গোল করেছেন, সতীর্থকে দিয়েও গোল করিয়েছেন। জুলিয়ান আলভারেজের করা তৃতীয় গোলটায় মেসি যেভাবে অ্যাসিস্ট করেছেন তা দেখার মতো।
১৫ বছরের ছোট জসকো ভার্ডিওলকে রীতিমতো নাস্তানাবুদ করে সতীর্থকে খুঁজে নেন মেসি। আর্জেন্টিনার এক সাংবাদিক সেটির ভিডিও টুইটারে পোস্ট করে ট্যাগ করেছিলেন ক্যানেলো আলভারেজকে। মেক্সিকান এই বক্সার যাতে সাড়া দিয়েছেন।
সেই পোস্টটি রিটুইট করে আগুনের তিনটি ইমোজি পোস্ট করেছেন আলভারেজ। সেই সঙ্গে দিয়েছেন একটি ‘ওকে হ্যান্ড ইমোজি’। যা মেসির প্রতি তার মুগ্ধতাকে আরও জোড়ালো করে।