বাকি পাঁচজন ছেলেমেয়ের মতো তার কাছেও তিনি যেন আকাশের তারা। তাকে একবার ছুঁতে পারলেই কেল্লাফতে! ত্রিশানজিৎ চট্টোপাধ্যায়। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে। কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বাদশার দেখা পেয়ে সে আনন্দে আত্মহারা।
মনে হতেই পারে, যার বাবা নিজেই সুপারস্টার, তারও কি এমন মনে হয়? হ্যাঁ হয়। তা আরও বেশি বোঝা গেল ত্রিশানজিতের এই পোস্টে। যদিও ইন্ডাস্ট্রিতে ওর পরিচয় মিশুক নামেই। সেই নামে বাদশাও শুভেচ্ছা জানালেন তাকে।
বাদশার সই পেয়ে খুশি মিশুকও। কিং খান লিখে দিলেন, 'মিশুককে অনেক শুভেচ্ছা। ভালোবাসা।' সব শেষে বাদশার সই। যা পেয়ে ভীষণ খুশি তারকাপুত্র। এতদিন অনেকেই জানতেন মিশুক মেসি ভক্ত। তাই তো তার বাড়ির পুজোর ঘরেও মেসির ছবি টাঙানো। কিন্তু সে যে শাহরুখেরও ভক্ত, তা জানা ছিল না অনেকেরই। সেই গোপন রহস্যও ফাঁস হলো বৃহস্পতিবার।
শুধুই ছবি আর সই নয়। মিশুক যে সত্যিই শাহরুখ ভক্ত, তার প্রমাণ হিসাবে সকলের সঙ্গে শেয়ার করলেন একটি ছোট্ট ভিডিও। যেখানে দু'হাত খুলে শাহরুখের চেনা ভঙ্গিমায় পোজ দিতে দেখা গেল তাকে। সেই ভিডিওর নিচে মিশুক লেখে 'আমার অনুপ্রেরণা।'