যৌন হেনস্তা : ছাত্রীদের শিক্ষক পেটানোর ভিডিও ভাইরাল

এক ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগে সরকারি স্কুলের প্রধান শিক্ষককে মারধর করেছে স্কুলটির ছাত্রীরা। ভারতের কর্নাটকে এ ঘটনা ঘটে। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া বেশ কয়েকটি ভিডিওতে এমনটাই দেখা গেছে।   

ভারতের অন্যতম শীর্ষ বার্তা সংস্থা এনডিটিভি জানায়, কর্নাটকের শ্রীরঙ্গপাটনায় অবস্থিত কাত্তেরি সরকারি উচ্চ বিদ্যালয়ের ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তিনি স্কুল হোস্টেলের এক ছাত্রীর সঙ্গে অসদাচরণ করেছেন। এ ঘটনার পরই ওই ছাত্রী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অন্য ছাত্রীদের জানায়।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ছাত্রীরা একজন লোককে রাস্তায় ফেলে পেটাচ্ছে। অন্য এক ভিডিওতে দেখা গেছে, ছাত্রীরা প্রধান শিক্ষককে মারতে গেলে স্কুলের স্টাফ ও শিক্ষকরা তাদের শান্ত করার চেষ্টা করছে। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে। আরেকটি ভিডিওতে দেখা যায়, প্রধান শিক্ষক নিজেকে বাঁচনোর জন্য একটি শ্রেণিকক্ষে  ঢোকার চেষ্টা করেন, কিন্তু মেয়েরা দরজা খুলে লাঠি হাতে তাকে মারধর করছে।

স্কুলে কর্মকর্তারা বলেন, এমন কাজ প্রধান শিক্ষকের অভ্যাসে পরিণত হয়েছে এবং এসব তিনি আগেও বেশ কয়েকবার করেছেন। ঘটনা জানতে পেরে পুলিশ সেখানে যায় এবং ওই শিক্ষককে গ্রেপ্তার করে।