ইউরোপের ক্লাবগুলির বিরোধীতা দমাতে পারেননি। তাদের বিরোধীতা উপেক্ষা করেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ২০২৫ সাল থেকে ৩২ দলের ক্লাব বিশ্বকাপের ঘোষণা দিয়েছেন। শুক্রবার তার এই পরিকল্পনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার কাতারের রাজধানী দোহায় বিশ্বকাপের খেলার বিরতির দিনে ফিফা সভাপতি এই ঘোষণা দেন।
প্রতিযোগিতাটির পরিকল্পনা ফিফার দীর্ঘদিনের। শুরুতে এটি ২৪ দলের টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। যেখানে অংশ নেবে ইউরোপের আটটি ক্লাব। ২০২১ সালে চীন থেকে টুর্নামেন্টটি শুরুর পরিকল্পনা ছিল। কিন্তু করোনা মহামারি সবকিছু ওলটপালট করে দেয়। তাই সে বছর আয়োজন বাতিলের সিদ্ধান্ত নেয় ফিফা।
অবশেষে ফিফা সভাপতির কণ্ঠে ফিরে এলো ক্লাব বিশ্বকাপের বিষয়। বিশ্বকাপের মাঝেই ক্লাব ফুটবলের নতুন এই মহাযজ্ঞের ঘোষণা দিলেন কাতারে। এসময় তিনি বলেন, ‘আমরা কয়েক বছর আগে সম্মত হয়েছিলাম একটি নতুন বিশ্বকাপ আয়োজনের। যাতে অংশ নেবে বিশ্বের সেরা ৩২ পুরুষ দলের ক্লাব। গত বছর থেকেই সেটা আমাদের শুরুর করার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা পিছিয়ে নিতে হয়। তবে ২০২৫ সাল থেকে মাঠে টুর্নামেন্টটি মাঠে গড়াবে। যা পুরো বিশ্বকাপের মতোই আয়োজন করা হবে।’
ফিফা জানিয়েছে, ক্লাব বিশ্বকাপের প্রথম আসর অনুষ্ঠিত হবে ২০২৫ সালের গ্রীষ্মে। বছরের এই সময়ে বিগত বছরগুলো কনফেডারেশন কাপ ছিল।
ইনফান্তিনো জানিয়েছেন, পরিকল্পনার চেয়েও বড় পরিসরে আয়োজিত হবে পারে ক্লাব ফুটবলের নতুন এই মহোৎসবের।
এদিকে চলতি সপ্তাহে বৃটিশ গণমাধ্যমগুলি আবার ফিফার এই সিদ্ধান্তের বিরোধীতা করে আসছিল। তাদের প্রতিবেদনে বলা হয়েছিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার এমন প্রস্তাব নাকি ইউরোপের ক্লাবগুলো প্রত্যাখ্যান করেছে।
গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতায় ইউরোপের প্রতিনিধিত্ব করবে রিয়াল মাদ্রিদ। ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো, সৌদি আরবের আল হিলাল, মরক্কোর ওয়াইদাদ কাসাব্লাঙ্কা, মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটল সাউন্ডারস এবং নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি অন্যান্য বর্তমান মহাদেশীয় চ্যাম্পিয়ন দলগুলো একেকটি মহাদেশকে প্রতিনিধিত্ব করবে।